Fragment

সন্ধ্যা

Postmark

Dispatched from Dhaka · 11:11 PM · Cold and quiet

November 11, 2023 · 2 min read

মনের মধ্যে অবিরাম বাজছে, “বেলা হারায়, সন্ধ্যাতারায়..”

জিজ্ঞাসা করেই বসলাম, “তোমাকে ঠিক কতটুকু ভালোবাসা যায়?”

তুমি খানিকটা চমকে বললে, “আমাকে কতটুকু ভালোবাসা যায়?”

“হ্যাঁ, দিবারাত যে দেবীকে আমি ভালোবাসি, সে তুমি ছাড়া আর কে?”

“কি সব যে বলো? তোমার হঠাৎ কি হয়? বেশিরভাগই চুপ থাকো, কথা নেই, কিন্তু হুট করে আজগুবি সব কথা বলে বসো।“

“তোমার আজগুবি মনে হয়? আমার তো কখনও এমন মনে হয়নি, আমার সবসময় মনে হয় আমার ভালবাসা বোধহয় খুবই কম। কি করবো বলো? আমি চেষ্টা করি কিন্তু..”

“কোনো কিন্তু না, তোমার সবসময় ভালোবাসার বহিঃপ্রকাশ করা লাগবে না, আমি জানি তুমি আমাকে কতো ভালোবাসো!”

“অনেক চেষ্টা করেও কখনও বুঝে উঠতে পারি না..”

“তোমাকে আমি কখনো বলেছি, আমাকে আরও ভালোবাসো? আমি তোমাকে পেয়েছি এতেই খুশি!”

“কি করবো বলো? সবাই বলে, ভালোবাসা চোখে চোখ রেখে পড়া যায়। কই? আমি তো পড়তে পারি না। এমন কেন?”

“সুব্র, কিছু হয়েছে তোমার?”

খানিকটা হাসিমুখে জিজ্ঞাসা করলাম, “আচ্ছা, সময়ের সাথে কি আবেগও ফুরিয়ে যায়?”

“আবেগ কি মোম যে ফুরিয়ে যাবে?”

“তবে তুমি এতো বদলে গেলে কেন?“

মনে হলো, তুমি তোমার সেঁজুতি ব্রত ভেঙ্গে মনঃব্রত নিয়ে নিলে। খানিক পরে শুধালে, “সত্যিই কি বদলে গিয়েছি?”

সেদিন মুখ ফুটে বলতে গিয়েও আটকে গেলাম, “আমি তোমার মাঝে পুরনো তুমি-কে খুঁজে বেড়াই, কিন্তু পাই না। কেন? তবে কি আমারই ভালোবাসা ফুরিয়ে গেলো?”

অতঃপর, দুজনের আর কথা হয় না।

বেলা ঠিকই হারায়, আর আজও সন্ধ্যাতারায় সে আসে না আমার কাননে..

৩:৪৩, ১২.১১.২৩