Prose · শ্রী

পুনরায় শ্রী

Postmark

Dispatched from Dhaka · 01:20 AM · Thunder in the distance

June 17, 2026 · 1 min read

শ্রী,

অন্ধকারাচ্ছন্ন সমুদ্রে বসে যখন জোয়ারের ঝংকার শুনি, মনে হয় তুমি ডাকছো, “সুব্র, শুনো!”

শুনি।

কান পেতে শুনি, শুধু জোয়ারের শব্দই তীব্র হয়, তোমার প্রতিউত্তর পাই না। ভেবে নিই তুমি বলছো,

“সুব্র, আমরা কোথাও চলে যাই? এতো কোলাহল আমার পছন্দ না।”

দমকা এক বাতাসে চোখে বালি এসে পড়লো। এতো অস্বস্তি শেষবার লেগেছিল যখন তোমার সাথে আমার শেষ কথা হয়। ঝাপসা দেখি, সেদিন যেমন দেখেছিলাম। রবি ঠাকুর বলেছিলেন,

"প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস,

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"

ঝাপসা কমছে না। কেউ যেন হেঁটে গেল, খুব পরিচিত মিষ্টি সুঘ্রাণ। ঘ্রাণেই বিহ্বল হয়ে পড়ছি।

“শ্রী, তুমি?”

…

এবারও প্রতিউত্তর নেই, শুধু একরাশ চেনা সুঘ্রাণ নিঃশব্দে পেরিয়ে গেল আমায়। সমগ্র কোলাহল ছাপিয়ে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম, তুমি আজও তেমনই অনিন্দ্য সুন্দর, অথচ আমাদের দূরত্ব বিশাল।

আর ডাকিনি, থেমে গিয়েছি।

কোথায় কোলাহল? আমি খুঁজে পাই না।