Prose · শ্রী

অনুস্মারক

A special reminder.

Postmark

Dispatched from Dhaka · 11:11 PM · A slight breeze

May 5, 2026 · 1 min read

শ্রী,

প্রায়ই অনুস্মারকে ভেসে উঠে তোমার নাম, দেখি। পুনরায় দেখার নিমিত্তে, না-দেখার ভান করি।

চোখ ঝাপসা হয়ে আসে, ভগ্নাংশের মতো নিজেকে “লেফট ওভার” অনুভূত হয়। কিছু কিছু অনুস্মারক মুছতে মন চায় না। মন চায় বারংবার দেখি। মন চায়, আমি আবার তোমার সনে কাঠগোলাপ নিয়ে দাঁড়িয়ে বলি, “মেলাদিন আমরা বৃষ্টিতে ভিজি নি। আজ ভারী ঝড় উঠেছে, বাহিরে যাই?”

এই যে আমার বৃষ্টিতে ভেজার জেদ, স্মৃতিচারণে ডুবে থাকা, ভাবনায় হারিয়ে যাওয়ার প্রবণতা ; এইসব বদ-অভ্যাসই বোধহয়, আমার জীবন উল্টেপাল্টে দিয়েছে। ফোনটা রেখে কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকালাম।

আচ্ছা, নন্দনে-ও কি বৃষ্টি হয়? নাকি শুধু জ্যোতি? কত বইয়ে পড়লাম, নন্দনে নিদারুণ জ্যোতি। এক পলকে এভাবে দেখতে কষ্ট হয় না? এভাবে কি নন্দনে থাকা যায়? এমন নন্দনের চেয়ে ভালো আমি মেঘাচ্ছন্ন বৃষ্টি দেখি।

মনে পড়লো, আমার নোটে লিখেছিলাম,

“আকাশটা দেখো আজ

ঢেকে গেছে কালো মেঘে,

কেউ যেন দিয়েছে সেখানে

তোমার সব রাগ এঁকে!”

পুনরায় ফোন বেজে উঠলো, নতুন অনুস্মারক।

“দিন — ৮০৩৫!”